চার দিনের সরকারি সফরে আজ নিজ জেলা পাবনাতে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটি তার প্রথম পাবনা সফর।


শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারযোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর জেলা সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।


সফরের সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এবং পুলিশ সুপার আনোয়ার জাহিদ।


রাষ্ট্রপতির প্রটোকল অফিসার স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, শনিবার সার্কিট হাউসে রাতযাপন করবেন। রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত এবং সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।


সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন এবং সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।


সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন কঠোর নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছে। রাষ্ট্রপতি যেসব স্থানে যাবেন, সেখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।