পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের উকিল আলীর ছেলে। আটক যুবকের নাম সজীব (২২)। তিনি একই উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার রাতে আসাদের ঘরের জানালা দিয়ে চোরের দল মোবাইল ফোন চুরি করে পালিয়ে যাচ্ছিল। এসময় আসাদের স্ত্রী চিৎকার দিলে তিনি দৌড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। তখন চোরদলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটির পর স্থানীয়রা ধাওয়া করে চোরদলের সদস্য সজীবকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা জানান, এলাকায় ব্যাপক চোর-ডাকাতের উৎপাত বেড়েছে। দিনে-দুপুরে চুরি হওয়া শুরু হয়েছে। রাতে গরুর খামারিদের পাহারা দিতে হয়। এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। এসব অঞ্চলে প্রকাশ্যে জুয়ার আসর বসছে। তাদের অভিযোগ, পুলিশের নাকের ডগায় জুয়া খেলা চললেও পুলিশ চোখ বুঁজে থাকে। জুয়ার কারণেই এসব লোকজন চুরির পথে যাচ্ছে। যারা এসব অপকর্মে লিপ্ত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। \r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n আটঘরিয়া থানার ওসি মো. আরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব নামের একজনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সংবাদ লোড হচ্ছে...







