লক্ষ্মীপুরে জ্বালানি তেলের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, যানবাহন চালক ও যাত্রীরা। তেলের জন্য প্রতিদিন পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো তেল পাচ্ছেন না কেউ। এতে চালকদের আয় কমে গেছে, পাশাপাশি সড়কে দীর্ঘ সারির কারণে শহরে তীব্র যানজট তৈরি হচ্ছে।


চালকদের অভিযোগ, পাম্পগুলোতে তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। পিকআপ চালক সিরাজ মিয়া জানান, আগে যেখানে সহজেই তেল পাওয়া যেত, এখন ১০ লিটারের জায়গায় দেওয়া হচ্ছে মাত্র ২ লিটার। ফলে একই গাড়িকে বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে।


ট্রাক চালক মো. রাসেল বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও এখনো তেল পাননি। তার ভাষায়, ২ লিটার তেল দিয়ে গাড়ি চালানো সম্ভব নয়। একই সমস্যার কথা জানিয়েছেন বাস চালক আবুল কালাম ও পিকআপ চালক জাহিদ হোসেনও। তাদের মতে, তেলের অভাবে নিয়মিত গাড়ি চালানো যাচ্ছে না, যার প্রভাব পড়ছে তাদের আয়ে ও সংসারে।


মোটরসাইকেল চালক রিপন মিয়া বলেন, দিনের অর্ধেক সময় তেলের লাইনে দাঁড়িয়েই কেটে যাচ্ছে। যাত্রী শাহিনুর বেগমের অভিযোগ, গাড়ির সংকটের কারণে একদিকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।


এদিকে, তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ সারির কারণে লক্ষ্মীপুর শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রায়পুর-লক্ষ্মীপুর সড়কের বাস টার্মিনাল থেকে উত্তর তেহমুনি পর্যন্ত প্রায় দুই ঘণ্টা যানজট স্থায়ী ছিল।


ভুক্তভোগীরা দ্রুত এই সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশঙ্কা, তেলের সরবরাহ স্বাভাবিক না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।