আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ইরান ও যুক্তরাষ্ট্র এর মধ্যে পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা আবার শুরু হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহেই দুই দেশের প্রতিনিধিরা আবারও মুখোমুখি বসতে পারেন। সম্ভাব্য এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।
প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনাটি শুধুমাত্র একটি এককালীন বৈঠক নয়, বরং একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার সূচনা হতে পারে। উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি এক পৃষ্ঠার ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত করার চেষ্টা করছে। এই প্রাথমিক কাঠামোকে ভিত্তি করে এক মাসব্যাপী ধারাবাহিক আলোচনা চালিয়ে একটি স্থায়ী সমাধানের দিকে এগোনোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
খসড়া প্রস্তাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে সংবেদনশীল ইস্যু হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। পাশাপাশি হরমুজ প্রণালী অঞ্চলে চলমান উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ও আলোচনায় রয়েছে। সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি হলো ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত, যা অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে।
তবে এই সম্ভাব্য আলোচনার পথে এখনো বড় বাধা রয়ে গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পরিধি নিয়ে দুই দেশের মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে। ইরান চায় দ্রুত ও ব্যাপক নিষেধাজ্ঞা প্রত্যাহার, অন্যদিকে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ও শর্তসাপেক্ষ শিথিলতার পক্ষে অবস্থান নিয়েছে। এই ভিন্ন অবস্থান শেষ পর্যন্ত আলোচনাকে ব্যর্থ করে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এই আলোচনার সরাসরি প্রভাব পড়তে পারে। যদি আলোচনায় অগ্রগতি হয়, তবে এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
অন্যদিকে, আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।





