পারমাণবিক শক্তি উন্নয়নে মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, মানবসম্পদ, কারিগরি, আইনি ও বাণিজ্যিক দিকসহ বিভিন্ন খাতে মালয়েশিয়াকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তারা।
শনিবার (২৮ জুন) মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ রাশিয়া সফর শেষে রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, “রাশিয়ার পারমাণবিক শক্তিতে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, যা মালয়েশিয়ার ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।”
চার দিনের রাশিয়া সফরে ফাদিল্লাহ দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক ও রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, প্রযুক্তি হস্তান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং আইনি কাঠামোর মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
ফাদিল্লাহ বলেন, “আমরা আমাদের বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন ও শক্তিশালীকরণের ওপর গুরুত্ব দিচ্ছি। রাশিয়ার সঙ্গে সহযোগিতা দক্ষিণ-পূর্ব এশিয়ায় আসিয়ান পাওয়ার গ্রিড উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।”
তিনি জানান, মালয়েশিয়ার মন্ত্রিসভা ইতোমধ্যে নীতিগতভাবে পারমাণবিক শক্তিকে ভবিষ্যতের জ্বালানি মিশ্রণের অংশ হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কারণ বর্তমানে কয়লা ও গ্যাসনির্ভর বিদ্যুৎ উৎপাদনে নানা সংকট দেখা দিচ্ছে এবং হাইড্রো পাওয়ারেও রয়েছে পানি সংকটজনিত সীমাবদ্ধতা।
তবে পারমাণবিক শক্তি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিয়ে পর্যাপ্ত গবেষণা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন উপ-প্রধানমন্ত্রী। তিনি বলেন, “জনগণের আস্থা ও সমর্থন ছাড়া পারমাণবিক প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং এনজিওদের সম্পৃক্ত করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।”
ফাদিল্লাহ আরও জানান, রাশিয়া-মালয়েশিয়া পারমাণবিক সহযোগিতা ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন, গবেষণা ও প্রযুক্তি স্থানান্তরের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।





