পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, তাই এত সহজে কেউ এই দেশে হামলা চালানোর সাহস করবে না—এমন মন্তব্য করেছেন দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরিফ।

\r\n

মঙ্গলবার (২৯ এপ্রিল) একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আজ পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। আল্লাহর অশেষ রহমতে আমাদের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষায় সম্পূর্ণ সক্ষম। পাকিস্তানের শত্রুরা জানে—এই দেশ পারমাণবিক শক্তিধর।”

\r\n

তিনি আরও বলেন, “আমাদের রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, দেশের বিরুদ্ধে যদি কোনো বহিরাগত আগ্রাসন আসে, তাহলে সবাইকে একসঙ্গে সেনাবাহিনীর পাশে ইস্পাতের প্রাচীরের মতো দাঁড়াতে হবে।”

\r\n

মরিয়াম নওয়াজ দাবি করেন, পাকিস্তানের পারমাণবিক শক্তির ভিত্তি স্থাপনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। পাশাপাশি তিনি শহীদদের আত্মত্যাগকে দেশের শক্তির মূল উৎস হিসেবে উল্লেখ করেন।

\r\n

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর বরাতে জানা গেছে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দেশটির সেনাবাহিনী এবং জাতীয় সংহতির ওপর জোর দিয়েছেন মরিয়াম।

\r\n

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এমনকি, ভারতের পক্ষ থেকে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলার আশঙ্কার কথাও জানানো হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।

\r\n

এই পরিস্থিতিতে, যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।