সিলেটে রাতে পরপর দুটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স এবং কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাগুলোতে কেউ আহত হয়নি।


শনিবার রাত আড়াইটার দিকে হাসপাতালের পার্কিং এলাকায় প্রথম অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক পার্কিংয়ে ঢুকে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও মিজানুর রহমান চৌধুরী এবং সিলেট ফায়ার সার্ভিসের সদস্য মোহাম্মদ জুনাইদ।


এর কিছুক্ষণ পর, রাত ৩টা ৪৮ মিনিটের দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস রাত ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
ঘটনার পর থেকে নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।