রাজধানীর ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রচারণাকালে দুজনেই একে অপরকে ঘিরে সমালোচনামূলক বক্তব্য দেন।
রোববার সকালে খিলগাঁও এলাকায় প্রচারণায় অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন, “বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা খুবই বিরক্তিকর। এখন তারা চায় আমরা তাদের কাছ থেকে শিখি, কিন্তু আমরা সেটা চাই না।” তিনি বলেন, ঢাকা-৮ আসন তার নিজ এলাকা এবং এখানকার মানুষ তার কর্মকাণ্ড সম্পর্কে অবগত। “যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, তারা আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় গিয়ে জনগণের ওপর অবিচার করছে,” বলেন তিনি।
মির্জা আব্বাস আরও বলেন, অতীতে আওয়ামী লীগ এই এলাকায় সবদিক থেকে ধ্বংস করে দিয়েছে। কিছু প্রার্থীর মুখে শুধু তার নামই শোনা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। “তারা ভোট চাইছে না, শুধু আমার বিরুদ্ধে অনর্গল কথা বলছে,” যোগ করেন তিনি।
অন্যদিকে, ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একজন গ্যাংস্টার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী ব্যক্তি যদি পেশিশক্তি ও কালো টাকা ব্যবহার করে সংসদে যেতে চায়, এর বিরুদ্ধে আগে আমাদের কথা বলতে হবে।”
তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিষোদগারের রাজনীতির অভিযোগ তোলা হলেও তারা দেশের মৌলিক সমস্যাগুলো নিয়েই কথা বলেন। “যারা এস্টাবলিশমেন্টের অংশ হয়ে গেছে, তারাই আমাদের বিরুদ্ধে লাগছে। এরপর আমাদের বেয়াদব বা অর্বাচীন বলা হচ্ছে,” বলেন পাটওয়ারী। তিনি আরও বলেন, শেখ হাসিনার সময় যেভাবে তাদের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে, সেই ধারা এখনো চলমান।





