জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation - PR) পদ্ধতি চালুর প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই পদ্ধতি কার্যকর হলে দেশে স্থানীয় নেতৃত্বের বিকাশ বন্ধ হয়ে যাবে এবং আরও বেশি স্বৈরশাসক তৈরি হবে।
\r\nবৃহস্পতিবার (৩ জুলাই) রংপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ আয়োজন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে অনুষ্ঠিত হয়।
\r\nরিজভী বলেন, \"পিআর পদ্ধতিতে দলই এমপি নির্বাচন করবে। এতে দলীয় কর্তৃত্ব বাড়বে এবং ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ থাকবে না। ফলস্বরূপ, স্বৈরশাসনের প্রবণতা আরও শক্তিশালী হবে।\"
\r\nতিনি আরও বলেন, \"জুলাই-আগস্টের গণআন্দোলনে বহু তরুণ জীবন দিয়েছেন— আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজদের রক্তে বাংলাদেশে গণতন্ত্রের দাবি আরও শক্ত হয়েছে। আমরা কি তাদের ভুলে যাব? যারা বুক পেতে দিয়েছে, তাদের ত্যাগের প্রতিদান হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।\"
\r\nতিনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশ ‘ফ্যাসিবাদের’ কবলে রয়েছে। প্রতিদিন সাধারণ মানুষ আতঙ্কে থাকে— কখন কার সন্তান গুম হয়ে যাবে, কাকে অদৃশ্য করে ফেলা হবে, তার কোনো নিশ্চয়তা নেই।
\r\nরিজভী আরও বলেন, “গুম কমিশনের প্রতিবেদন পড়ে শিউরে উঠতে হয়। সেখানে বলা হয়েছে কীভাবে মানুষকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে, হাত-পায়ের নখ তুলে ফেলা হয়েছে। এ রক্ত-পিপাসু সরকার কি আবার রাজনীতিতে ফিরতে পারে? দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
\r\nএসময় আরও উপস্থিত ছিলেন: রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর মেডিকেল কলেজ শাখা ড্যাব সভাপতি অধ্যাপক ডা. মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শরীফুল ইসলাম মণ্ডল প্রমুখ।





