ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোহাম্মদ সালাহ। লিভারপুলকে শিরোপা জেতাতে ২৯ গোল ও ১৮টি অ্যাসিস্ট করে অসামান্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তৃতীয়বারের মতো ‘প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ)’ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই মিশরীয় ফরোয়ার্ড।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ম্যানচেস্টারে আয়োজিত অনুষ্ঠানে সালাহর হাতে বর্ষসেরা পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে তিনি ইতিহাস গড়েছেন—কারণ পিএফএ বর্ষসেরা খেতাব তিনবার জেতা প্রথম ফুটবলার এখন সালাহ।

এর আগে সর্বোচ্চ দুইবার করে এই পুরস্কার জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি, কেভিন ডি ব্রুইনা, গ্যারেথ বেল, মার্ক হিউজ ও অ্যালেন শিয়েরার।

সালাহ প্রথমবার বর্ষসেরা নির্বাচিত হন ২০১৮ সালে। দ্বিতীয়বার জেতেন ২০২২ সালে। এবার তৃতীয়বারের মতো এই সম্মান পেয়ে প্রতিক্রিয়ায় সালাহ বলেন,
\"মিশর থেকে উঠে এসে আজকের এই অবস্থানে পৌঁছানো আমার জন্য গর্বের। আমি নিজেই নিজের দিকে তাকিয়ে বিস্মিত হই—এই পথচলা সহজ ছিল না, কিন্তু স্বপ্ন দেখে তা অর্জন করাই সবচেয়ে বড় শক্তি।\"