ইরানের জনগণ সাহসিকতার সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।

বৈঠকে পুতিন বলেন, ইরানি জনগণ অত্যন্ত বীরত্বের সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সংকট কাটিয়ে দেশটিতে আবারও শান্তি ফিরে আসবে।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, ইরানসহ আঞ্চলিক দেশগুলোর স্বার্থ রক্ষা এবং দ্রুত শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একইসঙ্গে তিনি জানান, গত সপ্তাহে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির কাছ থেকে একটি লিখিত বার্তা পেয়েছেন।

এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা, সরকারি ব্যক্তিত্ব ও বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানান পুতিন।

তিনি বলেন, তেহরান ও মস্কোর মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আলোকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ইরান তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। তিনি দেশটিকে একটি স্থিতিশীল ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন এবং রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, দুই দেশের কৌশলগত সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।