আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস (৮০২) ট্রেনে বহিরাগতদের আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) এই ঘটনায় অন্তত ৪-৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনটি ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে আসার পর বিনা টিকিটে কয়েকজন যাত্রী এসি বগিতে অবস্থান নেওয়ার চেষ্টা করলে ‘গ’ বগির নারী যাত্রীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা সৃষ্টি হয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টিকিটবিহীন যাত্রীদের বগি থেকে নামিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কিন্তু ট্রেনটি নরসিংদী স্টেশন অতিক্রম করে মেথিকান্দা স্টেশনে পৌঁছালে হঠাৎ করে ১০-১২ জন বহিরাগত ব্যক্তি টিপছোঁড়া হাতে ট্রেনের দরজা ভেঙে বগিতে প্রবেশ করে নারী ও পুরুষ যাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ ওঠে।

হামলায় অন্তত ৪-৫ জন যাত্রী গুরুতর আহত হন। বগির যাত্রীরা প্রতিরোধ গড়ে তুলে হামলাকারীদের মধ্যে ২ জনকে আটক করতে সক্ষম হলেও পরে তারা পুলিশের সহায়তায় ট্রেন থেকে নেমে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং রেলওয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন যাত্রী বলেন, আন্তঃনগর ট্রেনে যদি যাত্রীর নিরাপত্তা না থাকে তাহলে আমরা কিভাবে যাত্রা করবো তা কতৃপক্ষের জানানো উচিত।

পাশাপাশি অন্য সকল যাত্রীদের অভিযোগ, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর ব্যবস্থা না থাকায় তারা চরম ঝুঁকির মধ্যে ভ্রমণ করছেন।