ঝিনাইদহের কোটচাঁদপুরে চাহিদা অনুযায়ী পেট্রল না দেওয়ায় ফিলিং স্টেশনের এক ম্যানেজারকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত মো. মোস্তফা (৪৩) স্থানীয় বাসিন্দা।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কোটচাঁদপুরের চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার গভীর রাতে সলেমানপুর দাসপাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর গাজী (৪২) কোটচাঁদপুরের একটি ফিলিং স্টেশনে গিয়ে ২ হাজার টাকার পেট্রল চান। তবে সরবরাহ সীমিত থাকায় ম্যানেজার মোস্তফা তাকে ৫০০ টাকার পেট্রল দিতে সম্মত হন।

এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর গাজী তেল না নিয়েই ম্যানেজারকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

এর পরদিন সন্ধ্যায় মোস্তফা নিজ বাড়ি থেকে পাম্পে যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা জাহাঙ্গীর গাজী তার ওপর অতর্কিত হামলা চালান। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান হামলাকারী।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।