জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে প্রায় ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত)।

\r\n

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

\r\n

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে অস্থিরতা ও নানা চাপ থাকা সত্ত্বেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি। কারণ জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের দামও বেড়ে যায়। জনগণের ভোগান্তি যেন কোনোভাবেই না বাড়ে, সে লক্ষ্যেই প্রতিদিন বিপুল অঙ্কের ভর্তুকি দেওয়া হচ্ছে।

\r\n

তিনি আরও জানান, এপ্রিল মাস পর্যন্ত দেশের জ্বালানি তেলের চাহিদা পূরণে সরকার সক্ষম হয়েছে। যদিও জ্বালানি নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ রয়েছে, তবুও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে। বিশ্বের প্রায় ৮০টি দেশ জ্বালানির দাম বাড়ালেও বাংলাদেশে তা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

\r\n

চাহিদা বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশে আগে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা ছিল, আর পেট্রল ও অকটেনের চাহিদা ছিল ১,২০০ থেকে ১,৪০০ টন। কিন্তু ঈদকে সামনে রেখে প্রতিদিন ২৪ থেকে ২৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে। পাশাপাশি আগামীতে ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করার কাজও শুরু হয়েছে।

\r\n

অনুষ্ঠান শেষে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।

\r\n

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক হারুন অর রশিদ।