দেশীয় ও আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মিস আর্থ মেঘনা আলম এবার প্রথমবারের মতো টেলিভিশন নাটকে অভিনয় করছেন। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে তিনি একটি রহস্যময় চরিত্রে অভিনয় করছেন।

\r\n

নাটকটির গল্প অনুযায়ী, মেঘনা আলমের চরিত্রটি একটি নির্দিষ্ট মিশন নিয়ে হাজির হয় এবং মিশন শেষ হলে সে পর্দা থেকে সরে যায়। প্রথম দৃশ্যে অভিনেতা রকি খানের সঙ্গে তার মুখোমুখি সংঘাতে একটি মজার মুহূর্ত তৈরি হয়। তাকে দেখা যাবে ‘মহল্লা’-র ২৭তম পর্বে, যা আগামী শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচারিত হবে।

\r\n

অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে তিনি কখনোই মিডিয়া বা বিনোদন জগতে যুক্ত ছিলেন না। সে সময় তিনি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ক প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। শৈশব থেকেই তার স্বপ্ন ছিল দেশের সেরা সুন্দরীর মুকুট পরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার। তিনি জানান, ফরিদুল হাসানের পরিচালনায় ও বিদ্যুৎ রায়ের রচনায় ‘মহল্লা’ ধারাবাহিকে কাজের অভিজ্ঞতা তার জন্য বিশেষ ছিল।

\r\n

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তার কারণে অনেকেই তাকে অভিনেত্রী হিসেবে চেনেন। এমনকি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও তাকে অভিনেত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই প্রেক্ষাপটে বৈশাখী টিভির পক্ষ থেকে অভিনয়ের প্রস্তাব এলে এবং স্ক্রিপ্ট শোনার পর তিনি আগ্রহী হয়ে ওঠেন। চরিত্রটির সঙ্গে তাকে ঘিরে থাকা নানা গুজবের মিল থাকায় মজার ছলেই কাজটি করার সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।

\r\n

মেঘনা আলম বলেন, পর্দায় নিজেকে অভিনেত্রী হিসেবে দেখতে পেয়ে তিনি রোমাঞ্চিত। এখন কেউ তাকে অভিনেত্রী বললে আর সংশয়ের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

\r\n

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষি বিষয়ক বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে যুক্ত রয়েছেন। তিনি রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এবং আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।