বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ রাজধানীতে প্রথমবারের মতো বড় নারী সমাবেশ আয়োজন করছে। ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই ‘প্রতিবাদী সমাবেশ’।

মঙ্গলবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, সারা দেশে নির্বাচনী প্রচারে জামায়াতের মহিলা নেতা-কর্মীদের ওপর হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

অবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “জামায়াতের মহিলা নেতারা সমাবেশে প্রকাশ্যভাবে প্রতিবাদ জানাবেন। নির্বাচন কমিশন ও সরকার যদি কর্ণপাত না করে, তবে মহিলা বিভাগের পক্ষ থেকে আরও কর্মসূচি দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আরপিও অনুযায়ী রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব থাকা বাধ্যতামূলক। একমাত্র জামায়াতই এই শর্ত পূরণ করেছে। প্রতিপক্ষরা মহিলাদের গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করছে। কিন্তু সারা দেশে জামায়াতের নারী সমর্থক বেশি, তাই ভোটও বেশি হবে।

তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে মহিলাদের ওপর হামলা ও হেনস্তা প্রদর্শনের পেছনে প্রধানত বিএনপির লোকজন জড়িত। জামায়াতের মহিলা সংগঠন দেশের সর্বত্র সক্রিয়, যা নির্বাচনের প্রচারণায় তাদের প্রতিপক্ষের কার্যক্রমকে ছাড়িয়ে যেতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমান।