শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর এবার প্রথমবারের মতো সম্প্রচারিত হচ্ছে ওটিটিতে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এখন বিনামূল্যে দেখা যাচ্ছে এই অনুষ্ঠান।
বঙ্গ জানিয়েছে, সিসিমপুরের ১৫তম সিজনের নতুন পর্বগুলো ইতোমধ্যেই যুক্ত হয়েছে তাদের প্ল্যাটফর্মে। প্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি আর শিকুর সঙ্গে নতুন সব গল্প ও শিক্ষামূলক কনটেন্ট উপভোগ করতে পারবে শিশুরা।
২০০৫ সালে যাত্রা শুরু করা সিসিমপুর খুব দ্রুতই শিশুদের প্রিয় অনুষ্ঠান হয়ে ওঠে। বর্ণ চেনানো, শব্দ গঠন, বাক্য তৈরি থেকে শুরু করে গণিত, স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সচেতনতা—সবকিছুই শিশুদের শেখানো হয় আনন্দঘন উপায়ে।
শিশুদের বিনোদনের পাশাপাশি জেন্ডার সমতা, সামাজিক মূল্যবোধ, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কেও শিক্ষা দিয়ে আসছে সিসিমপুর।





