বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো মানবদেহে সফলভাবে মূত্রথলি (Bladder) প্রতিস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক এই সাফল্য পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৪ মে লস অ্যাঞ্জেলেসের রোনাল্ড রেগান ইউসিএলএ মেডিকেল সেন্টারে এই জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।

\r\n

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৪১ বছর বয়সী চার সন্তানের জনক অস্কার লারেইনসার-এর শরীরে এই অস্ত্রোপচার করা হয়। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতা ও ক্যান্সারে ভুগছিলেন। আগেই তার মূত্রথলির একটি বড় অংশ ও পরবর্তীতে দুটি কিডনি অপসারণ করতে হয়। এরপর গত সাত বছর ধরে ডায়ালাইসিসে ছিলেন তিনি।

\r\n

অস্ত্রোপচারে লারেইনসার একটি কিডনি ও একটি মূত্রথলি দাতার কাছ থেকে পান। পুরো অস্ত্রোপচারটি সম্পন্ন হয় টানা আট ঘণ্টায়, যা পরিচালনা করেন সার্জন ড. নিমা নাসিরি এবং ড. ইন্দরবীর গিল। তারা জানান, এই অপারেশনের জন্য তাদের চার বছর ধরে প্রযুক্তিগত ও শারীরবৃত্তীয় জটিলতা কাটিয়ে প্রস্তুতি নিতে হয়েছে।

\r\n

ড. নাসিরি বলেন, “অপারেশনের পরপরই প্রতিস্থাপিত কিডনি স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে এবং রোগীর আর ডায়ালাইসিসের প্রয়োজন হয়নি।”

\r\n

চিকিৎসকদের মতে, এতদিন যেসব রোগীর মূত্রথলি অপসারণ করতে হতো, তাদের আন্ত্রিক টিস্যু দিয়ে কৃত্রিম থলি তৈরি করা হতো কিংবা স্টোমা ব্যাগ ব্যবহার করতেন, যা স্বল্প ও দীর্ঘমেয়াদে অনেক ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু এই নতুন সাফল্যের ফলে রোগীরা এখন প্রাকৃতিক, নিরাপদ ও কার্যকর সমাধান পেতে পারেন।

\r\n

বিশ্বের প্রথম সফল মানব মূত্রথলি প্রতিস্থাপন চিকিৎসাবিজ্ঞানে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল—বিশেষ করে তাদের জন্য, যারা গুরুতর মূত্রথলি বা কিডনি সমস্যায় ভুগছেন। চিকিৎসকরা একে চিকিৎসাক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচনা করছেন।