ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেএম জাহিদ হোসেন।
ডা. জাহিদ বলেন, “আজ প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হবে। এটি আমরা স্বাগত জানাই ও অভিনন্দন জানাই। এই ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে এবং জনগণের অর্থও সাশ্রয় হবে।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় দিনাজপুর শহরের উপশহরস্থ একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজন করা মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা বিভিন্ন দাবি তুলেছেন, কিন্তু কোনো প্রস্তাব দেননি। হঠাৎ প্রস্তাব দিয়ে স্বৈরাচারের পথ সুগম করছেন। গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আজ গণতন্ত্রকে ফেলে দিতে চাইছেন।”
তিনি আরও বলেন, “৩১ দফার মধ্যে বিএনপি জানিয়েছে, প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি থাকা যাবে না। এই ৩১ দফার মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা ও সুশাসনের পথে পদক্ষেপ করা হয়েছে। বিএনপি সবসময় জনগণের স্বার্থকে সামনে রেখে সুশাসন নিশ্চিত করতে কাজ করছে।”
ডা. জাহিদ দেশের অর্থনীতি সচল রাখতে বিএনপির সময় প্রবর্তিত আধুনিক কৃষি, বিদেশি রেমিট্যান্স এবং গার্মেন্ট খাতকে গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
সভায় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সঞ্চালনা করেন। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট নাগরিক শাহ মবিন জিন্নাহ, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম।





