ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক কৌতূহল। কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, তা নিয়ে আলোচনা-জল্পনা তুঙ্গে। এমন পরিস্থিতিতে গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘সোচ্চার’-এর একটি জরিপ প্রকাশ পেয়েছে, যেখানে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন বলে উঠে এসেছে।
জরিপটি ঢাকা মহানগরের চারটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন—ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৫ ও ঢাকা-১৭—কেন্দ্র করে পরিচালনা করা হয়। এতে মোট ২ হাজার ২৪১ জন উত্তরদাতার মতামত নেওয়া হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের বয়স, শিক্ষা ও ভোটদানের আগ্রহ বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জরিপে দেখা যায়, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
রাজধানীর ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিপক্ষে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। জরিপ অনুযায়ী, এ আসনের ৩৫ শতাংশ ভোটার বিএনপি জোটকে এবং ৩২ শতাংশ ভোটার জামায়াত জোটকে সমর্থন করছেন। জয়ের সম্ভাবনার ক্ষেত্রে ৪৬ দশমিক ৪ শতাংশ ভোটার মনে করেন, এই আসনে তারেক রহমানই বিজয়ী হবেন।
ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এখানে ৩৬ দশমিক ৮ শতাংশ ভোটার বিএনপিকে এবং ৩৪ শতাংশ ভোটার জামায়াত জোটকে সমর্থন জানিয়েছেন। এ আসনে ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদী।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত ঢাকা-১৫ আসনে ভোটারদের ঝোঁক বেশি জামায়াত জোটের দিকে। জরিপে দেখা গেছে, এখানে ৩৯ দশমিক ৫ শতাংশ ভোটার জামায়াতকে সমর্থন করছেন, যেখানে বিএনপির সমর্থন ৩০ শতাংশ। প্রায় ৪৯ দশমিক ২ শতাংশ ভোটার মনে করেন, এই আসনে ডা. শফিকুর রহমান বিজয়ী হবেন।
একই ধরনের চিত্র পাওয়া গেছে ঢাকা-১১ আসনেও। এখানে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী নাহিদ ইসলাম ৪১ দশমিক ৪ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন, যেখানে বিএনপির সমর্থন ৩৭ শতাংশ। জরিপ ইঙ্গিত দিচ্ছে, ঢাকার এই দুটি গুরুত্বপূর্ণ আসন জামায়াত জোটের শক্ত অবস্থান তৈরি করেছে।
প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্নে জরিপে অংশগ্রহণকারীদের ৪২ দশমিক ১ শতাংশ তারেক রহমানের নাম উল্লেখ করেছেন। অন্যদিকে, ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার মনে করেন ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন।
এ ছাড়া ১৬ দশমিক ২ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন এবং ১ দশমিক ৮ শতাংশ ভোটার নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।
লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৪২ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৪১ দশমিক ৭ শতাংশ নারী ভোটার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন। বিপরীতে, ৩৪ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৫ দশমিক ৫ শতাংশ নারী ভোটার ডা. শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন।





