ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পরদিন বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন।
পরিচিতি ও মতবিনিময় সভা
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন।
মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক
দুপুরের পর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা না থাকলেও এটি হবে নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক নীতি-নির্ধারণী আলোচনা।
সচিবদের সঙ্গে বৈঠক
বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠকে নতুন সরকারের অগ্রাধিকার নির্ধারণ এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে জানা গেছে।





