ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুপস্থিত থাকলে তার সংসদীয় দায়িত্ব পালনের জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনের অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রম দেখভাল করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী ও দু’জন প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে কারা দায়িত্ব পালন করবেন, তার বিস্তারিত তালিকা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি সংসদীয় কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে মন্ত্রী ও বিকল্প মন্ত্রীর যুগপৎ অনুপস্থিতিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দায়িত্ব গ্রহণ করবেন। তারও অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অতিরিক্ত দায়িত্ব হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের প্রশ্নোত্তর ও অন্যান্য সংসদীয় কাজ সম্পন্ন করবেন।
সরকারের এই নতুন বিন্যাসের লক্ষ্য ত্রয়োদশ জাতীয় সংসদে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগুরুত্বপূর্ণ প্রশ্নের দ্রুত সমাধান নিশ্চিত করা।





