প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আবদুল্লাহ আবু সায়ীদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত শিক্ষাবিদ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ দেশের শিক্ষা, সাহিত্য ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ষাটের দশকে তিনি একজন প্রতিশ্রুতিশীল কবি হিসেবে পরিচিতি পান এবং পরবর্তীতে সমালোচক ও সাহিত্য-সম্পাদক হিসেবেও অবদান রাখেন।
তার প্রতিষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্র চার দশকেরও বেশি সময় ধরে ‘আলোকিত মানুষ’ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি রামোন ম্যাগসেসে পুরস্কার অর্জন করেন। এছাড়া অ-প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে অবদানের জন্য ২০০৫ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। প্রবন্ধে অবদানের জন্য ২০১২ সালে পান বাংলা একাডেমি পুরস্কার।
এছাড়াও ১৯৭০-এর দশকে তিনি টেলিভিশন উপস্থাপক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।





