আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থী ও গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি ঠাকুরগাঁও-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


\r\n

শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও-২ আসনের জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদ এই জরিমানা আরোপ করেন।


\r\n

ফারুক হাসান জানান, কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজার এলাকায় টহলের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকটি রঙিন পোস্টার দেখতে পেয়ে জরিমানার সিদ্ধান্ত নেন। তার দাবি, যেসব পোস্টারের কথা বলা হচ্ছে সেগুলো এক বছর আগে লাগানো শুভেচ্ছা পোস্টার, যেখানে কোনো ভোট চাওয়ার আহ্বান ছিল না।


\r\n

এক বছর আগে লাগানো শুভেচ্ছা পোস্টারের কারণে জরিমানা করা আইনসঙ্গত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।


\r\n

ফারুক হাসান আরও অভিযোগ করেন, ঠাকুরগাঁও-২ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের রঙিন পোস্টার থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


\r\n

তিনি বলেন, শনিবার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ট্রাক ও বাসে করে উচ্চ শব্দে জেলার একটি সমাবেশে অংশ নেন। প্রশাসন উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


\r\n

প্রশাসনের এমন আচরণকে পক্ষপাতমূলক উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান ফারুক হাসান। তিনি বলেন, এভাবে চলতে থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা কঠিন।