সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে একযোগে দেশের ৬১ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন ১০ লাখ ৮০ হাজারের বেশি চাকরিপ্রার্থী।
\r\nপ্রার্থীসংখ্যা ও পদসংখ্যার বিচারে এটি দেশের সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
\r\nপরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশ্নফাঁস ও অসাধু কার্যক্রম ঠেকাতে সক্রিয় রয়েছে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল ডিভাইস শনাক্তেও নজরদারি জোরদার করা হয়েছে।
\r\nকঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও প্রশ্নফাঁস চক্রের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি। ইতোমধ্যে রংপুরসহ কয়েকটি জেলা থেকে প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
\r\nকর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা চলাকালীন এবং পরবর্তী সময়েও যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





