পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধানের প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে। হলফনামায় স্টাম্প সংযুক্ত না থাকায় আগে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামের বেজমেন্ট-২ এ অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।
শুনানি শেষে আল রাশেদ প্রধান বলেন, বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে ঋণখেলাপি বা বিদেশি নাগরিকত্বের মতো বড় অভিযোগ থাকা সত্ত্বেও প্রার্থিতা বহাল থাকে। অথচ জামায়াত ও জাগপাসহ ১১ দলের প্রার্থীদের ক্ষেত্রে তা হচ্ছে না। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই পরিস্থিতি নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।
জাগপা প্রধান তাসমিয়া প্রধান বলেন, জাগপা সহসভাপতি ও মুখপাত্র আল রাশেদ প্রধানের হলফনামায় মাত্র ৩০০ টাকার স্টাম্প সংযুক্ত না থাকার মতো একটি ছোট ভুলের কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছিল। আপিলের পর নির্বাচন কমিশন বিষয়টি বিবেচনায় নিয়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হয়। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।





