‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ উপলক্ষে প্রায় ১৩ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশান নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, টাইফয়েড জ্বর প্রতিরোধে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে। ডিএনসিসির ১০টি অঞ্চলে মোট ১৮ কর্মদিবসে টিকা দেওয়া হবে।
তিনি বলেন, ২,১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্রছাত্রী এবং কমিউনিটির ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশুসহ মোট ১২ লাখ ৯৪ হাজার ৬৯ জন শিশুকে টিকা দেওয়া হবে। ৯ থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা পাবে।
ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনব্যাপী টিকাদান চলবে (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত)। ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে ১৮ দিন এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট ও আউটরিচ ইপিআই কেন্দ্রে টিকা দেওয়া হবে (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত)।
প্রতিটি টিমে দুইজন টিকাদান কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবক কাজ করবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে।
তিনি আরও জানান, ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান মোহাম্মদপুর রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।





