মৌসুমের প্রথম লিগ ম্যাচে গোল করাটা যেন অভ্যাসে পরিণত করেছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে খেলতে নেমে ৯ মৌসুমের মধ্যে ৮টিতেই প্রথম ম্যাচে গোল করেছেন এই মিসরীয় ফরোয়ার্ড। ব্যতিক্রম শুধু ২০২৩–২৪ মৌসুম, সেবার চেলসির বিপক্ষে তাঁর করা গোলটি ভিএআরে বাতিল হয়েছিল।
গতকালও একই শঙ্কা জেগেছিল। কিন্তু শেষ পর্যন্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে লিভারপুলকে ৪–২ ব্যবধানে জিতিয়েছেন সালাহ। এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ দিবসে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। এ তালিকায় তিনি আগেই শীর্ষে ছিলেন, এবার নিজের রেকর্ডকেই আরও উন্নত করলেন।
\r\nশুধু গোল নয়, অবদানেও শীর্ষে সালাহ। প্রথম ম্যাচে এখন পর্যন্ত ১৫ গোলে সম্পৃক্ত তিনি (১০ গোল, ৫ অ্যাসিস্ট)। এই তালিকায় দ্বিতীয় ওয়েন রুনি, যার অবদান ১৩ গোল (৮ গোল, ৫ অ্যাসিস্ট)।
\r\nএদিন আরও কিছু মাইলফলক স্পর্শ করেছেন সালাহ। অ্যানফিল্ডে এটি ছিল তাঁর ১০৬তম প্রিমিয়ার লিগ গোল। একক ভেন্যুতে গোল করার তালিকায় তিনি এখন সের্হিও আগুয়েরোর সমান। আগুয়েরো ম্যানচেস্টার সিটির হয়ে ইতিহাদে করেছিলেন ১০৬ গোল। তাঁদের ওপরে আছেন শুধু থিয়েরি অঁরি (হাইবুরিতে ১১৪ গোল)।
\r\nপ্রিমিয়ার লিগে গোলে অবদানে সালাহ ছুঁয়েছেন রায়ান গিগসকেও। লিভারপুলের হয়ে ২৮৯ ম্যাচে অংশ নিয়ে ২৭১ গোলে সরাসরি সম্পৃক্ত তিনি—১৮৫ গোল ও ৮৬ অ্যাসিস্ট। গিগসও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একই সংখ্যক গোলে অবদান রেখেছিলেন। একক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রেখেছেন ওয়েইন রুনি (২৭৬)। সালাহ সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে।
\r\nসর্বোচ্চ গোলদাতার তালিকাতেও অগ্রগতি হয়েছে তাঁর। ১৮৭ গোল করে অ্যান্ডি কোলের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে উঠেছেন সালাহ। এখন তাঁর ওপরে আছেন ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং কিংবদন্তি অ্যালান শিয়ারার (২৬০)।





