বিশ্বকাপের আগে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি প্রীতি ম্যাচের জন্য দলে সুযোগ দেননি নেইমারকে। কোচ জানিয়েছেন, পুরোপুরি ফিট না থাকায় আসন্ন দুইটি প্রীতি ম্যাচে তারকা ফরোয়ার্ডকে অন্তর্ভুক্ত করা হয়নি। একই সঙ্গে জাতীয় দলে ফিরেছেন লিওঁ-তে খেলা তরুণ ফরোয়ার্ড এনদ্রিক।


দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা নেইমার সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। হাঁটুর গুরুতর ইনজুরি কাটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ক্লাব সান্তোসের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি। তবে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে এখনো দলে নেওয়া হয়নি।


ব্রাজিল এই মাসের ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের বস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং চার দিন পর অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। আনচেলত্তি বলেন, “সে এখনো শতভাগ ফিট নয়, তাই ডাকিনি। তবে বিশ্বকাপের চূড়ান্ত দলে তার অবস্থান আলাদা বিষয়।”


আগামী ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জন্য প্রস্তুতি নিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। গ্রুপ ‘সি’-তে আরও দুই প্রতিপক্ষ রয়েছে—হাইতি ও স্কটল্যান্ড।


তবে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ফিরেছেন ১৯ বছর বয়সী এনদ্রিক। লিওঁ-তে খেলার সময় তার নজরকাড়া পারফরম্যান্সের ভিত্তিতে আনচেলত্তি তাকে দলে নিয়ে গেছেন। এর আগে ২০২৪ সালে রিয়াল মাদ্রিদে কোচ থাকার সময় পালমেইরাস থেকে এনদ্রিককে স্পেনে নিয়ে গিয়েছিলেন আনচেলত্তি।

এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ইগর থিয়াগো ও রায়ান।