বলিউডের জনপ্রিয় অভিনেতা ধানুশ সম্প্রতি দিল্লিতে ‘তেরে ইশক মে’ ছবির প্রচারণার সময় নিজ মুখের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে মন্তব্য করেছেন। অভিনেতা জানান, অনেকেই মনে করেন তার চেহারায় প্রেমে ব্যর্থ মানুষের ছাপ রয়েছে। ধানুশ বলেন, “আমার চেহারা নাকি প্রেমে ব্যর্থ একটা মানুষের মতো, আমি এটাকে ভালোই নিয়েছি। এটি কোনো অপমান নয়, বরং প্রশংসার মতো।”
তিনি আরও জানান, এই মন্তব্য করেছিলেন পরিচালক আনন্দ এল রাই এবং সহ-অভিনেত্রী কৃতি শ্যানন। ধানুশ হাসতে হাসতে বললেন, “হৃদয়ভাঙা মানুষের মতো মুখ, এটা শুনে আমি বরং খুশিই হয়েছি। চরিত্রের আবেগ ধরতে এটি নেচারালি আমাকে সাহায্য করবে।”
‘তেরে ইশক মে’ ছবিতে ধানুশ শঙ্কর চরিত্রে অভিনয় করছেন। চরিত্রটি সহজ ভালোবাসার নয়; ভেতরে রয়েছে গভীর জটিলতা, যা দর্শকরা ছবিতে বুঝতে পারবেন। ধানুশের মতে, শঙ্কর চরিত্রটি আগ্রাসী নয়, বরং আবেগ ও চ্যালেঞ্জে ভরা।
এই বছর ধানুশ বহু ছবি ও প্রজেক্টে কাজ করেছেন। তবে ‘তেরে ইশক মে’ তার বছরের শেষ মুক্তিপ্রাপ্ত কাজ, যা ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।





