নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে সবজি বিক্রেতা মীর কালাম (৩৫) মারা গেছেন। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম-বাংলা টাওয়ার সংলগ্ন একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মীর কালাম, তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭) দগ্ধ হন।

প্রতিবেশীরা জানান, বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর আগুন দেখতে পান। পরে দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয়দের ধারণা, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। কালামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বালুকদিয়ে এলাকায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সবজি বিক্রেতা কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কালামের শরীরের ৯৫ শতাংশ এবং শ্বাসনালী দগ্ধ হয়েছিল। এছাড়া তার স্ত্রী সায়মা ৬০ শতাংশ, ছেলে মুন্না ৩০ শতাংশ, মেয়ে কথা ৫২ শতাংশ ও মুন্নি ৩৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।