নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ফরিদপুরে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
বরিশালের জনসভা শেষ করে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তারেক রহমান। পরে বিকেল ৩টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটিই তারেক রহমানের প্রথম ফরিদপুর সফর। তাকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন ও স্লোগান নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে জড়ো হন।
সরেজমিনে দেখা যায়, ফরিদপুর বিভাগভুক্ত ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জনসভায় অংশ নিতে আসছেন। রাজেন্দ্র কলেজ মাঠ ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, পাশের এলাকাগুলোতেও মানুষের ঢল নেমেছে। স্থানীয় নেতাদের ধারণা, এটি ফরিদপুরের ইতিহাসের অন্যতম বড় জনসমাবেশ হতে যাচ্ছে, যেখানে দুই লাখের বেশি মানুষের উপস্থিতি হতে পারে।
জনসভাকে কেন্দ্র করে ফরিদপুর শহরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ মাঠে মোতায়েন রয়েছে। শৃঙ্খলা রক্ষায় বিএনপির স্বেচ্ছাসেবক দলও মাঠে সক্রিয় রয়েছে।





