ফরিদপুর জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে।

শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় বাসিন্দা এবং অন্যজন রাজবাড়ী ও মাদারীপুর থেকে এসে চিকিৎসা নিচ্ছিলেন।

নতুন আক্রান্তদের মধ্যে ভাঙ্গা উপজেলায় ২ জন এবং সালথায় ১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বোয়ালমারীতে ১০ জন, আলফাডাঙ্গায় ৬ জন, মধুখালী ও সদরপুরে ৩ জন করে, ফরিদপুর সদরে ৫ জন এবং চরভদ্রাসন ও নগরকান্দায় ২ জন করে রোগী শনাক্ত হয়েছে।

জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বড় দুটি সরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার হারও ইতিবাচক। একটি হাসপাতালে এ পর্যন্ত ১০৩ জন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন এবং ৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ফরিদপুর জেনারেল হাসপাতালে মোট ৪৭ জন রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সেখানে ১৫ জন চিকিৎসাধীন আছেন এবং এ পর্যন্ত ৩২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগ টিকাদান কার্যক্রম জোরদার করেছে। শিশুদের সুরক্ষায় নিয়মিত টিকা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশুদের নির্ধারিত টিকা সময়মতো নিশ্চিত করতে হবে। জ্বর বা শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।