একুশে পদকপ্রাপ্ত বরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিডনি ও শ্বাসতন্ত্রজনিত জটিলতাসহ একাধিক রোগে আক্রান্ত এই শিল্পী বর্তমানে কেবিনে ভর্তি আছেন।


৫ জুলাই ডায়ালাইসিস চলাকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি, ফুসফুস ও অন্যান্য জটিল রোগে ভুগছেন।


এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে অনুরাগী ও ভক্তদের মাঝে উদ্বেগ তৈরি হয়। ফরিদা পারভীনের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চাইলে তার স্বামী, সুরকার গাজী আব্দুল হাকিম বলেন,


“উনার (ফরিদা পারভীন) শারীরিক অবস্থা খুব খারাপ, এটা সত্য। কিন্তু তিনি এখনো জীবিত। দয়া করে কেউ গুজব ছড়াবেন না। এই মিথ্যা খবর আমাদের পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করছে। সবার কাছে দোয়া চাই।”


উল্লেখ্য, ২০১৯ সাল থেকে কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্টজনিত কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তার কিডনি, ফুসফুস ও অন্যান্য শারীরিক জটিলতা বেড়েছে বলে জানা গেছে।


শিল্পীর পরিবারের পক্ষ থেকে ভক্তদের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।