বাজার থেকে কেনা ফল ও সবজি সাধারণত কাটার পর ফ্রিজে রাখা হয়। ব্যস্ত জীবনের কারণে প্রতিদিন বাজার করা সবার পক্ষে সম্ভব হয় না। এ ছাড়া ফল ও সবজি দীর্ঘ সময় সতেজ রাখা অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে কিছু সহজ কৌশল মেনে চললে কাটা ফল বা সবজি প্রায় এক সপ্তাহ পর্যন্ত টাটকা রাখা সম্ভব।
চলুন, জেনে নিই কীভাবে—
১. এথিলিন উৎপন্নকারী ফল আলাদা রাখুন
আপেল, কলা ও অ্যাভোকাডোর মতো কিছু ফল এথিলিন গ্যাস উৎপন্ন করে, যা বাতাসের সংস্পর্শে এলে পচন দ্রুত বাড়ায়। তাই এসব ফল সবজির পাশে না রেখে আলাদা রাখুন।
২. সবজির ধরন অনুযায়ী সংরক্ষণ করুন
সব সবজি ফ্রিজে রাখার প্রয়োজন নেই। কিছু সবজি ঠান্ডা পরিবেশ ছাড়াই ভালো থাকে, আবার কিছু সবজির ক্ষেত্রে আর্দ্রতা জরুরি। যেমন—আলু, পেঁয়াজ ও রসুন খোলা জায়গায় রাখা যায়, কিন্তু কাটা কুমড়ো, লাউ, আঙুর বা পেঁপে ফ্রিজে রাখলে ভালো থাকে।
৩. ধোয়ার সময় ঠিক রাখুন
বাজার থেকে এনে ফল বা সবজি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে তাতে পানি জমে যায়, যা দ্রুত পচন ঘটায়। তাই খাওয়ার বা রান্নার ঠিক আগে ধোয়া সবচেয়ে ভালো।
৪. ফ্রিজে তাপমাত্রা ও আর্দ্রতার ভারসাম্য বজায় রাখুন
ফ্রিজে ফল বা সবজি রাখার সময় তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখা দরকার। ছিদ্রযুক্ত প্লাস্টিক ব্যাগে রাখলে বাতাস চলাচল করে এবং আর্দ্রতা ঠিক থাকে।
৫. নিয়মিত যাচাই করুন
রান্নাঘর বা ফ্রিজে রাখা ফল ও সবজি নিয়মিত পরীক্ষা করুন। কোনো একটি পচে গেলে তা আশপাশেরগুলোকেও দ্রুত নষ্ট করে ফেলে। তাই পচা ফল বা সবজি সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলুন।সম্ভব হলে পানি দিয়ে জায়গাটি পরিস্কার করুন।





