বাংলাদেশের সুপারস্টার শাকিব খান পাকিস্তানে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছেন। গত বছর দেশটিতে মুক্তি পাওয়া তার সিনেমা তুফান পাকিস্তানি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। উর্দু ডাবিংসহ ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টি সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হয় এবং মুক্তির পরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
সামাজিক মাধ্যমের কারণে শাকিবের পরিচিতি আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। নতুন সিনেমার ঘোষণা এলে পাকিস্তানি ভক্তরা বিশেষভাবে তার বিপরীতে দেশীয় নায়িকাদের সঙ্গে তাকে দেখতে চান।
সম্প্রতি পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে শাকিবকে ঘিরে উন্মাদনা দেখা গেছে। ইনফ্লুয়েন্সার রশিদ খান তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক নারীর কাছে শাকিব খান ও পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খানের তুলনা করতে বলেন। সৌন্দর্য, ফ্যাশন সেন্স, অভিনয়, অ্যাটিটিউড, লুক, স্টারডম ও ‘গার্লস ক্রাশ’সহ ১০টি বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। ফলাফলে ১০টির মধ্যে ৮টিতেই শাকিব খান এগিয়ে ছিলেন।
ভিডিওটির মন্তব্যে পাকিস্তানি নেটিজেনরা লিখেছেন, “উনি শাকিব খান, বাংলাদেশি মেগাস্টার।” পাশাপাশি বাংলাদেশের ভক্তরাও কমেন্টে ভালোবাসা জানাচ্ছেন।
গত ১ নভেম্বর লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ ও গুজরানওয়ালায় তুফান মুক্তি পাওয়ার পরও পাকিস্তানি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শাকিবকে নিয়ে আলোচনার ঝড় ওঠে। সব মিলিয়ে শাকিব খান পাকিস্তানেও ঢালিউডের ‘কিং খান’ হিসেবে সমান তালে পরিচিতি পাচ্ছেন।





