জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। অভিনয় বা শোবিজের বাইরে তিনি রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়েও নিয়মিত মন্তব্য করেন। মাঝে মাঝে তিনি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সরকারে থাকা কর্মকর্তাদের সরাসরি টার্গেট করেও থাকেন।

সর্বশেষ তিনি সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর একটি পুরোনো ফেসবুক স্ট্যাটাস শেয়ার করে সরাসরি খোঁচা দিয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) শাওন ফারুকীর ২০১৫ সালের ১৪ ডিসেম্বরের একটি পোস্টের স্ক্রিনশট পোস্ট করেন। ওই পোস্টে ফারুকী তৎকালীন আওয়ামী লীগ সরকারের তরুণ নেতৃত্বদের প্রশংসা করেছেন। তিনি লিখেছিলেন, “এটা একটা ধন্যবাদ বার্তা। ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই, জনাব ববি সিদ্দিকী, এন্ড আওয়ার ভেরি ওউন আশরাফুল আলম খোকন। আওয়ামী লীগ সরকারের ভেতর যে তরুণ শক্তি আছে, তাদের কারণে বহুবার হোঁচট খেয়েও আশা হারাইনি। এই শক্তি বেড়ে উঠুক শত গুণ, যুক্তির দুয়ার খোলা রাখুক, সমাজের দিকে চোখ মেলে রাখুক।”

ফারুকী আরও লিখেছিলেন, “বিঃদ্রঃ কেনো এই ধন্যবাদ—এই প্রশ্ন করবেন না। কোনো উত্তর দিতে পারব না। এবং এই সরকারের তরুণ শক্তিকে প্রশংসা করলাম কোনো একটা ইস্যুতে নয়, ইস্যু বেশ কয়েকটিতে।”

শাওন তার ক্যাপশনে লিখেছেন, “এটা একটা ধন্যবাদ বার্তা।” অনুরাগীরা এটি ফারুকীর প্রতি সরাসরি খোঁচা হিসেবে দেখেছেন। মন্তব্যের জবাবে শাওন বলেন, “না মানে গত ১৭ বছরে উনি কোথায় ছিলেন সেটাই দেখছি। ফ্যাসিস্টের দোসর ট্যাগপ্রাপ্তদের ওয়ালে কিন্তু এতো ধন্যবাদ নেই।”