ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী এম এ মালিক।
রবিবার (১২ অক্টোবর) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন ও শাড়ি-কম্বল বিতরণ কার্যক্রম উপলক্ষে মতবিনিময় ও প্রেসব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
এম এ মালিক বলেন, “ফ্যাসিস্ট সরকারের অনেকে এখনো প্রশাসনে লুকিয়ে আছে, সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে আমি জীবনের শেষ সময়ে মানুষের সেবা করতে চাই। এজন্য যুক্তরাজ্য ছেড়ে এলাকায় ফিরে এসেছি।”
তিনি জানান, তার উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন এবং শাড়ি-কম্বল বিতরণ কার্যক্রম চলছে। আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে তেলিবাজার সংলগ্ন তার বাড়িতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
এম এ মালিক বলেন, “আমরা বিশ্বাস করি, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। এই বিশ্বাস থেকেই সিলেটের দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করছি।”
তিনি জানান, ইতোমধ্যে ব্যক্তিগতভাবে ৩০টি ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছেন, যা স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও দরিদ্র পরিবারে স্থাপন করা হচ্ছে।
“শিগগিরই শাড়ি ও কম্বল বিতরণ শুরু করব। সমাজের যেসব পরিবার সহায়তার প্রয়োজন, তারা যোগাযোগ করলে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করব,” বলেন এম এ মালিক।
এ সময় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।





