যুদ্ধবিরতির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনায় বসাতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে পাকিস্তান। দেশটির একটি জ্যেষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ, যা পরে জিও নিউজ প্রকাশ করে।
ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলেও উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেছে। তা সত্ত্বেও ভবিষ্যৎ সংলাপ নিয়ে পাকিস্তান সতর্ক আশাবাদ প্রকাশ করেছে।
উচ্চপর্যায়ের সূত্র জানায়, ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে দ্রুত নতুন করে সংলাপ শুরুর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। চলমান যুদ্ধবিরতির সময়সীমা ২২ এপ্রিলের আগে একটি কার্যকর সমঝোতায় পৌঁছানোই তাদের প্রধান লক্ষ্য, যাতে সম্ভাব্য উত্তেজনা আবার না বাড়ে।
এ বিষয়ে সূত্রটি আরও জানায়, দ্বিতীয় দফার আলোচনার আয়োজন নিয়েও কাজ চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এতে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মুনির। প্রাথমিকভাবে দুই পক্ষকে আলোচনায় আনার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দাবি করা হচ্ছে।
পাকিস্তান ইতোমধ্যে উভয় পক্ষের কাছেই নতুন করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে এবং তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। কর্মকর্তারা আশা করছেন, দ্রুত সংলাপ শুরু হলে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধান সম্ভব হবে।





