চিত্রনায়ক জায়েদ খান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক আয়োজিত ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনে অংশ নিচ্ছেন। এবারের ফোবানা সম্মেলনটি অনুষ্ঠিত হবে কানাডার মন্ট্রিয়েলে, আগামী ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। সম্মেলনের শেষ দিন, অর্থাৎ ৩১ আগস্ট, মঞ্চে পারফর্ম করবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতা।

জায়েদ খান এর আগেও যুক্তরাষ্ট্র, ক্যালগেরি ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়েছেন। তবে বাঙালিপ্রধান কানাডার মন্ট্রিয়েলে এটি হবে তার প্রথম পরিবেশনা।

এই আয়োজন প্রসঙ্গে জায়েদ খান বলেন, “ফোবানা সম্মেলন খুবই মর্যাদাপূর্ণ একটি অনুষ্ঠান। এখানে অংশ নিতে পারা আমার জন্য সম্মানের বিষয়। অনেক গুণী শিল্পী এই মঞ্চে পারফর্ম করবেন। আশা করছি, এই আয়োজন সফল ও স্মরণীয় হবে।”

এদিকে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনদিনব্যাপী এই সম্মেলনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি অন্যতম বড় সাংস্কৃতিক মিলনমেলা, যেখানে সংগীত, নৃত্য, নাটক ও নানা আড্ডায় মুখরিত হবে প্রবাসজীবনের প্রাঙ্গণ।