বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড নিয়ে কে কী বলল, তাতে বিএনপির কিছু আসে যায় না। জনগণের সমর্থন পেলেই দল উন্নয়নমূলক কাজ এগিয়ে নেবে।
রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। আর ২০২৪ সালের জুলাই আন্দোলনে সেই স্বাধীনতাকে রক্ষা করা হয়েছে। তিনি দাবি করেন, ওই সময় বিএনপির ৪১৯ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং আরও প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
বিএনপির অতীত শাসনামলের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের শিক্ষা স্কুল থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে করা হয়েছিল। কৃষকদের জন্য কৃষিঋণ দেওয়া হয়েছিল এবং ঋণের সুদ মওকুফ করা হয়েছিল। এসব অভিজ্ঞতার কারণেই বিএনপি জানে কীভাবে ধাপে ধাপে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হয়।
তিনি বলেন, বিএনপি জানে কীভাবে নারীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হয়, তরুণদের জন্য চাকরির ব্যবস্থা করতে হয়, মানুষের জীবন নিরাপদ রাখতে হয় এবং দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে সমালোচনার জবাবে তারেক রহমান বলেন, অন্য দলগুলো যত সমালোচনাই করুক, জনগণ যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে বিএনপি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য জনগণের ভাগ্য পরিবর্তন করা। মানুষ যদি এখন ১০ শতাংশ ভালো থাকে, সেটাকে অন্তত ২০ শতাংশে উন্নীত করতে চায় বিএনপি। ধীরে ধীরে শতভাগ উন্নতির দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।
জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা অঞ্চলের নির্বাচনী সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৭ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।





