শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, মব সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টিরও কোনো সুযোগ থাকবে না এবং মেলা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণে ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, মেলায় উসকানিমূলক কোনো বই পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


তিনি জানান, বইমেলা এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সিসিটিভি নজরদারির পাশাপাশি বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে বসানো হবে।


ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। মেলার ভেতরে ও বাইরে ইউনিফর্মধারী ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।


মেলা চলাকালে মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ডাইভারশন চালু থাকবে। এছাড়া ধারালো ও বিস্ফোরক দ্রব্য নিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ থাকবে।