বগুড়া জেলা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার পর তার নির্বাচনী এলাকা বগুড়ায় প্রথমবারের মতো নির্বাচনী সফরে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি (রবিবার) তারেক রহমান বগুড়া সফর করবেন। ঢাকার বাইরে এটি হবে তার প্রথম রাজনৈতিক সফর। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, আগামী ১১ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসবেন বলে আমরা জেনেছি। খুব শিগগিরই সফরসূচি চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। ইতোমধ্যে তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। যাচাই শেষে এটি বৈধ ঘোষণা করা হয়েছে।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ দেখা গেছে।





