বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারের সকল যৌক্তিক প্রস্তাব বাস্তবায়নে জামায়াত বদ্ধপরিকর। তিনি প্রতিশ্রুতি দেন, সুযোগ পেলে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে উন্নীত করা হবে এবং যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণ করে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) বগুড়ার আলতাফুন্নেছা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়ার ক্রীড়া ঐতিহ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “শহীদ চান্দু স্টেডিয়াম আজ অবহেলার শিকার। আমরা মাঠের মর্যাদা ফিরিয়ে দেব। আন্তর্জাতিক খেলা পুনরায় হবে। প্রয়োজনে মর্যাদার সঙ্গে জীবন দেব, তবুও বগুড়ার ক্রীড়াঙ্গনকে ধ্বংস হতে দেব না।”
দেশের অর্থনৈতিক সংকটের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। লুণ্ঠিত অর্থ দেশে ফিরিয়ে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।”
চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে তিনি বলেন, “চাঁদাবাজির কারণে আজ কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। জামায়াতের ইতিহাসে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই। আমরা পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।”
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা বেকার ভাতা দিয়ে ‘বেকার তৈরির ফ্যাক্টরি’ বানাতে চাই না। কর্মসংস্থান ও কলকারখানা তৈরি করে যুবকদের স্বাবলম্বী করতে চাই।”
নারী নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারও ব্যক্ত করে তিনি বলেন, “কোনো লম্পট বা অপরাধীর জন্য জামায়াতের মধ্যে জায়গা থাকবে না। নারীরা পূর্ণ নিরাপত্তার সঙ্গে কর্মক্ষেত্রে যাতায়াত করতে পারবেন।”
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান বগুড়ার ৫টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন এবং তাদের হাতে প্রতীক তুলে দেন, পাশাপাশি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, “অতীতের মতো ধোঁকাবাজির প্রতিশ্রুতি আমরা দেব না। সততা ও নিষ্ঠা দিয়ে আমরা আমাদের কথা রাখবো।”
সমাবেশে বগুড়া জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার হাজার কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।





