বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কৃষক দম্পতির বিরুদ্ধে। হামলায় শিক্ষক আবুল কাশেম (৬৬)-এর ডান হাত ভেঙে গেছে বলে অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বেলকুচি গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবুল কাশেম ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে এবং ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

এ ঘটনায় শুক্রবার দুপুরে আহত শিক্ষক আবুল কাশেম বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই গ্রামের ইছাহার আলীর ছেলে আব্দুল মজিদ এবং তার স্ত্রী রুনা খাতুনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আবুল কাশেমের সঙ্গে প্রতিবেশী আব্দুল মজিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে গ্রামের মাতব্বরদের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা থাকলেও পরে তা অমান্য করেন আব্দুল মজিদ। পরবর্তীতে কয়েক দফা বৈঠক হলেও দুই পরিবারের মধ্যে বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি।

অভিযোগে আরও বলা হয়, শুক্রবার সকালে আব্দুল মজিদ ও তার স্ত্রী রুনা খাতুন শিক্ষক আবুল কাশেমের জমির সীমানায় থাকা বাঁশের তৈরি বেড়া ভাঙতে শুরু করেন। এ সময় আবুল কাশেম তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং লোহার রড দিয়ে মারধর করলে তার ডান হাত ভেঙে যায়।

ঘটনার পর থেকে অভিযুক্ত কৃষক দম্পতি পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।