বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়া বিএনপির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম। এখানকার জনগণকে ভালোভাবে দেখবেন এবং ঘাঁটিটিকে সংরক্ষণ করবেন।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে বগুড়া-৬ (সদর) আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভা সকাল সাড়ে ১০টায় শুরু হয়। শুরুতে স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন বিএনপির চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, কেউ কেউ মনে করছেন ভোটারদের কাছে না গেলেও ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে। কিন্তু আমি মনে করি, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না; সবাইকে সরাসরি ভোটারদের কাছে যেতে হবে।
তিনি আরও বলেন, বগুড়ার সাতটি আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হলে সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মী মাঠে সক্রিয় থাকতে হবে। বগুড়া-৬ আসনে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি জানান, যদিও এবার প্রার্থী হিসেবে এসেছি, কিন্তু নির্বাচনের দায়িত্ব আপনাদের ওপর নয়। কারণ আমাকে সারা দেশে নির্বাচনী প্রচারণায় যেতে হবে।
সভা বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার।
সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান।
সভা শেষে নেতাকর্মীরা জানান, তারেক রহমানের বক্তব্যে তারা নতুন উদ্দীপনা পেয়েছেন এবং আসন্ন নির্বাচনে বগুড়াকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে ধরে রাখতে সবাই একসঙ্গে কাজ করবেন।





