বগুড়া-৬ (সদর) আসনে ভোট দিতে আসা লাইনে প্রধানমন্ত্রীর পদকে কেন্দ্র করে বাকবিতণ্ডা দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) করনেশন স্কুল ও কলেজ কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে কয়েকজন নারী ভোটারের মধ্যে এই বিষয়টি নিয়ে তর্ক লেগে যায়।
এক নারী ভোটার মন্তব্য করেন, “হামাগেরে ভোটে বগুড়ার ছোল প্রধানমন্ত্রী হবি, হামরা তারেকের ধানের শীষে ভোট দিমু।” এ সময় হাজেরা বেগম নামের এক নারী তারেক রহমানের পক্ষে এমন মন্তব্য করলে মাহমুদা খাতুন নামের আরেক নারী বলেন, “প্রধানমন্ত্রী হবি শফিকুর স্যার, হামরা তাকি দাঁড়ি পাল্লায় ভোট দিমু।”
বাকবিতণ্ডা বেড়ে গেলে কেন্দ্রের আনসার সদস্যরা এগিয়ে এসে নারীদের চুপ থাকতে নির্দেশ দেন। এরপরও তারা থামছিলেন না, পরে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু রাহান জানান, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘণ্টায় ৪ হাজার ৬০ ভোটারের মধ্যে ২১৭টি ভোট পড়েছে। ভোটাররা জানান, গত ১৭ বছরের মধ্যে এত ব্যাপক ভোট লাইনের দৃশ্য তারা আগে দেখেননি।
বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী। আসনটি ১১ ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গঠিত, মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ২৩ জন। তারেক রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের আবিদুর রহমান সোহেল, ইসলামী আন্দোলনের মামুনুর রশিদ, বাসদের দিলরুবা নুরী ও জাসদ (রব) এর আব্দুল্লাহ ওয়াকী। এ আসনে মূল লড়াই হবে ‘ধানের শীষ’ ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মধ্যে।





