বগুড়ার শাজাহানপুরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার মাঝিরা সি-ব্লক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।


শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেলস’ নামের একটি বাস সকাল ৮টার দিকে মাঝিরা সি-ব্লক এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝে চালক দ্রুত বাসটি থামিয়ে দিলে যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনে বাসের সিটগুলো ক্ষতিগ্রস্ত হলেও চাকা ও মূল কাঠামো অক্ষত রয়েছে।


শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারিতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


এসআই আবু জাররা জানান, আগুন লাগার পরপরই চালক বাস থামিয়ে দেন এবং যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির কিছু অংশ পুড়ে গেছে। বাসে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।