বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ‘জাযেদা প্লাজা’ নামক একটি ভবনসহ একাধিক ফ্ল্যাট ও দোকান ঘর জোরপূর্বক দখলের অভিযোগ তুলেছেন এক নারী জান্নাতুল নাঈম। শুক্রবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
জান্নাতুল নাঈম জানান, তার পিতা মৃত জইম উদ্দীন ও চাচা মো. ফেরদৌস আলমের নামে থাকা মোট ৯৭৫ বর্গ লিংকের একটি জমিতে সম্মিলিতভাবে নির্মিত হয় ছয়টি দোকান ও ছয়টি ফ্ল্যাট। হেবা দলিলের মাধ্যমে এসব সম্পত্তি এতিম সন্তানদের ও স্ত্রীর নামে রেজিস্ট্রি করা হয়।
প্রেস ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ক্ষমতার ছত্রছায়ায় থাকা স্থানীয় কয়েকজন আবদুল্লাহেল কাফী, নাসিফ আরেফিন নিবির, মো. জামিল হোসেন ও মো. হালিম হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে জোরপূর্বক দখল করে সেখানকার দোকান ও বাসায় বসবাস করছেন এবং ব্যবসা পরিচালনা করছেন।
জান্নাতুল আরও জানান, তিনি গত ১০ এপ্রিল ২০২৫ তারিখে বগুড়ার আমলী আদালতে ভূমি প্রতিরোধ আইন ২০২৩ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা (সি আর ১৭২/২০২৫) দায়ের করেন। মামলার শুনানিতে আদালত দুই আসামি আবদুল্লাহেল কাফী ও নাসিফ আরেফিনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে জামিনে মুক্ত হয়ে তারা মামলাটি তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন জান্নাতুল।
তিনি দাবি করেন, ‘এতিমদের হক রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভূমিদস্যুদের আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’
এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।





