বগুড়া প্রতিনিধি: এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বগুড়া শহর শাখা।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় শহরের টিটু মিলনায়তনে এ অনুপ্রেরণামূলক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার এবং সঞ্চালনায় ছিলেন শহর সেক্রেটারি শফিকুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আজিজুর রহমান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনার রশিদ, কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রিয়াজুল ইসলাম, এবং সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুর রহমান আজাদ বলেন, জাতির ভবিষ্যৎ নির্ভর করে আজকের মেধাবী প্রজন্মের ওপর। তারা শুধু সনদধারী নয়, হতে হবে নৈতিকতায় বলীয়ান, দায়িত্বশীল ও দেশপ্রেমে উজ্জীবিত। এই শিক্ষার্থীরা যেন কেবল নিজেদের সফলতা নিয়েই না থাকে, বরং তাদের অর্জন হোক সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত এক আলোকবর্তিকা।

একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে হতে হবে মূল্যবোধভিত্তিক। আর সেই শিক্ষার আলো ছড়িয়ে দিতে হলে, মেধাবীদের মূল্যায়ন ও উৎসাহ প্রদান অপরিহার্য। আজকের এই সংবর্ধনা কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি একটি শক্তিশালী বার্তা—যা ভবিষ্যতের নেতৃত্ব প্রস্তুতের ভিত রচনা করবে।”



সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নীপা রানী সরকার বলেন,আজকের আলোচনা থেকে অনেক কিছু শিখলাম। যদি এগুলো শিক্ষা জীবনে কাজে লাগাতে পারি, তবে অবশ্যই ভবিষ্যতে সফলতা অর্জন সম্ভব।”



শিবগঞ্জ থেকে আগত সংবর্ধিত শিক্ষার্থী আব্দুর রউফ বলেন,আজকের এই আয়োজন আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। আমি ডাক্তার হয়ে গরীব-দুঃখী মানুষের সেবা করতে চাই। আজকের উৎসাহ আমার পথচলার পাথেয় হয়ে থাকবে।”



অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানান।

অনুষ্ঠানটি ছিল হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণায় ভরপুর—যেখানে ছাত্রশিবিরের পক্ষ থেকে ভবিষ্যতের আলোকিত প্রজন্মকে সম্মান জানিয়ে দেশের প্রতি তাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।